প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০:২২ পিএম

রাজনৈতিক দলগুলোকে কর্মদিবসে সড়ক দখল করে কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, এমন কর্মসূচি ঢাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করে এবং পুলিশ সদস্যদের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সড়ক দুর্ঘটনা তদন্তে দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) আয়োজিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ডিএমপির ৬০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, “সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা তদন্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি আমাদের দেশের বাস্তবতায় ব্যবহার করতে হবে। এ জন্য পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “রোড ক্র্যাশের অধিকাংশ ঘটনা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘটে, যখন রাস্তা ফাঁকা থাকে। অতিরিক্ত গতি, হঠাৎ লেন পরিবর্তন এবং যত্রতত্র রাস্তা পারাপার দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।” পুলিশকে এ সময় কঠোরভাবে গতিসীমা নিয়ন্ত্রণ ও আইন বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, বিআইজিআরএস-এর কোঅর্ডিনেটর আবদুল ওয়াদুদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব আলমসহ জিআরএসপি ও ভাইটাল স্ট্র্যাটেজিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ