প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:২৩ পিএম

কুমিল্লার হোমনা-চান্দেরচর সড়কের কাচারীকান্দি এলাকায় রাস্তার পাশে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে। এই ময়লার স্তুপ থেকে ছড়ানো দুর্গন্ধে পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসী জানায়, কাচারীকান্দিতে পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশন থাকলেও সেখানে ময়লা না ফেলে রাস্তায় স্তুপ করে রাখা হচ্ছে। এর ফলে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি প্রতিদিন তিনটি ইউনিয়নের হাজারো যাত্রীকে এই দুর্গন্ধ সহ্য করে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার লোকজন রাতের আঁধারে গাড়ি করে এসে নির্ধারিত স্থানে না গিয়ে রাস্তার ওপরেই ময়লা ফেলে চলে যাচ্ছে। এ নিয়ে তারা একাধিকবার প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার ভাগারের পাশের বাগমারা গ্রামের বাসিন্দা আবদুল করিমের জমিতেও ময়লা ফেলা হচ্ছে। তিনি জানান, “ভাগারের জায়গায় দেয়াল নির্মাণের কারণে সম্প্রতি পৌরসভার গাড়ি রাস্তাসহ আমার জমিতে ময়লা ফেলছে। এগুলো কুকুর-শিয়াল ঘেঁটে রাস্তায় ছড়িয়ে দিচ্ছে, এতে পুরো এলাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।”
একাধিক পথচারী জানান, “আমরা প্রায়ই হোমনায় যাই। কিন্তু এই রাস্তায় নাকে-মুখে কাপড় দিয়েও দুর্গন্ধ সহ্য করা যায় না। পৌর কর্তৃপক্ষের উচিত নির্ধারিত স্থানে ময়লা ফেলার বিষয়টি নিশ্চিত করা।”
এ বিষয়ে হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “রাস্তাঘেঁষে ভাগারের পাশে দেয়াল নির্মাণ কাজ চলছে। তাই ময়লা ফেলার কিছুটা অসুবিধা হচ্ছে। তবে রাস্তায় ময়লা ফেলা মোটেও ঠিক নয়। বিষয়টি আমার জানা ছিল না, এখনই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ