প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৩৯ পিএম

যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজার
যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারের ব্যবসায়ীরা আবারো স্বাভাবিকভাবে দোকান খুলেছেন।
আজ সোমবার (১৬ জুন) সকালে পৌর নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু এবং ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সমস্যার সমাধান করেন। পরে ব্যবসায়ীরা দোকান খুলে স্বাভাবিকভাবে বেচাকেনা শুরু করেন।
ব্যবসায়ীদের অভিযোগ ছিল, বাজারের ইজারাদার দ্বিগুণ হারে খাজনা আদায় করছেন এবং ইজারাদারের লোকজন অসৌজন্যমূলক আচরণ করছেন। তবে পৌরসভার কর্মকর্তারা তদন্ত করে এসব অভিযোগের কোনো সত্যতা পাননি। বরং খোঁজ নিয়ে জানা গেছে, বাজারের ইজারা না পাওয়ায় স্থানীয় একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে ব্যবসায়ীদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, গত দুইমাস ধরে ইজারাদার আবু হাসান পূর্বের নির্ধারিত হারের চেয়ে কম খাজনা নিচ্ছিলেন ব্যবসায়ীদের সুবিধার্থে। সম্প্রতি তিনি পৌরসভার নির্ধারিত হারে খাজনা দিতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। মূলত এ নিয়েই কিছু অসন্তোষ তৈরি হয়। এরমধ্যে অনেক স্থায়ী দোকানদার ফুটপাত দখল করে দোকান বসিয়ে অন্য দোকানীদের কাছ থেকে দৈনিক হারে টাকা আদায় করছিলেন। অথচ তারাই আবার ইজারাদারকে খাজনা দিতে অস্বীকৃতি জানান। খাজনা যেন না দিতে হয় সেকারণেই এসব অভিযোগ আনা হয়। সকল পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়।
পৌরসভার প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, পৌরসভার নির্ধারিত খাজনার চেয়েও কম খাজনা নেওয়া হচ্ছিল। বাজারে গিয়ে দোকানগুলো মেপে সঠিক হারে খাজনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো বাড়তি খাজনা আদায়ের প্রমাণ পাওয়া যায়নি। ব্যবসায়ীদের করা অভিযোগগুলোরও কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।
ইজারাদার আবু হাসান বলেন, “আমি ব্যবসায়ীদের স্বার্থে দুই মাস ধরে পুরনো হারে খাজনা নিয়েছি, এতে আমার ক্ষতি হয়েছে। এখন পৌরসভার নির্ধারিত খাজনা চাওয়ায় তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।”