প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৩৬ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৩:৪২ PM

সংগৃহীত ছবি
অভিমান ভেঙ্গে ঈশ্বর এবারে মুখ তুলে চাইলেন দক্ষিণ আফ্রিকাকে। ইংল্যান্ডের লর্ডসে আসা জয় বড় ভূমিকা রেখেছে। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে তাতেই একধাপ ওপরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে হারানোর পর ইংল্যান্ডকেও নিচে নামিয়ে দিয়েছে টেম্বা বাভুমার দল।
তবে, এই তালিকায় শীর্ষে প্যাট কামিন্সের দল। টেস্টে প্রোটিয়ারা এখন সেরা দুই নম্বর দল। টেম্বা বাভুমার দলের রেটিং ১১৪। এক রেটিং কম থাকা ইংল্যান্ড ১১৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
দীর্ঘ শিরোপা খরা কাটানো দক্ষিণ আফ্রিকা কদিন আগে অজিদের ৫ উইকেটে হারিয়েছে। তাতেই সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের দণ্ড তাদের হাতে উঠেছে। ওই জয়ের পর মোটা অংকের টাকাও ঢুকেছে তাদের পকেটে। এবার আইসিসি র্যাংকিংয়েও পেয়েছে সুখবর।
প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপের রানারআপ অস্ট্রেলিয়া ১২৩ রেটিং নিয়ে শীর্ষে। ৬২ রেটিং নিয়ে নয় নম্বরে বাংলাদেশ। বাকিদের কারও অবস্থান বা রেটিংয়ে পরিবর্তন আসেনি।