প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৪৪ পিএম

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) সকালে উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘেরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসান শেখ উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আট বছর কুয়েতে থাকার পর আড়াই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বলে জানান পরিবারের সদস্যরা।
নিহত হাসানের বড় ভাই মুন্না জানান, হাসান ৮বছর কুয়েতে ছিলেন। আড়াই মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর বিয়ে করেন। প্রতিদিনের মত বন্ধুদের সাথে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন। পরে আর ঘরে ফেরেনি।
রোববার সকালে স্থানীয় এক ব্যক্তি ঘেরপাড়ে হাসানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল, চঞ্চল নামে তিন যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ উদঘাটনে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নিহত হাসানের বন্ধুদের গতিবিধি, ফোন রেকর্ড এবং আগের কোনো বিরোধের সূত্র খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম