প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:৪৪ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৩:৪৯ PM

ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কেন্দ্রস্থল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নিয়োগ প্রত্যাশীরা আজ দুপুরে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচিতে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আজ রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি যখন ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ের প্রবেশমুখের দিকে যেতে চায়, তখন পুলিশ বাধা দেয়। উভয়পক্ষের ধাক্কাধাক্কির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ৫টিরও বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠিচার্জে যায়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সম্প্রতি সচিবালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করলেও ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়োগ প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন।
মাঠে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অমান্য করে মিছিল নিয়ে এগোতে চায় তারা। বহু অনুরোধ সত্ত্বেও তারা পিছু না হটায় বাধ্য হয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।
তবে আহত বা আটক হওয়া কারও বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম