প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:৫১ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৩:৫৭ PM

মো. ইউনুস আলী
নওগাঁর ধামইরহাটে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার সাবেক স্বামী মো. ইউনুস আলী। বিবাহ বিচ্ছেদের ৪ বছর পর সন্তানদের অযুহাতে স্বামীর বাড়ি দখলে নেয়ার অভিযোগে সাবেক স্ত্রী সুফিয়া বেগমের বিরুদ্ধে তিনি এই সম্মেলন করেন।
আজ রবিবার (১৫ জুন) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন মো. ইউনুস আলী। ইউনুস আলী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, এসময় স্বামী ইউনুস আলী তার সাবেক স্ত্রী সুফিয়া বেগমের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, “আমাদের পারিবারিক ভাবে বিবাহ হয়েছিল ২০১০ সালে। তার (সাবেক স্ত্রী সুফিয়া বেগম) এর পরকীয়ার জন্য আমাদের ২০২১ সালে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এরই মাঝে আমাদের ২ টি সন্তান হয়। সুফিয়া বেগমের সাথে ডিভোর্সের পর থেকে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি আর বিবাহ করিনি। অপরদিকে আমার সাবেক স্ত্রী সুফিয়া বেগম তার পরকীয়া প্রেমিকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ ৪ বছর পর (৬ আগষ্ট) স্থানীয় প্রভাবশালী বখাটে ছেলেদের মাধ্যমে আমার বাড়িতে এসে ওঠে। আমি কারণ জানতে চাইলে সে বলে, ‘আমি আমার সন্তানদের কারণে এই বাড়িতে এসেছি। এখন তুমি যা করার করতে পারো।’ পরবর্তীতে স্থানীয় বখাটে কিছু ছেলের মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশকিছু সম্পত্তি দখল করার পায়তারা করছে।”
তিনি আরো বলেন, “শুধু তাই নয়। বিবাহ বিচ্ছেদের পূর্বে যখন সে পরকীয়ার আসক্ত ছিলো তখন আমার থেকে বিভিন্ন অজুহাতে কোটি টাকা হাতিয়ে নেয়। আমি গ্রামে বসবাস করি। আমার পরিবার আছে, সমাজ আছে। আজ তারা সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে। বলছে, বিবাহ ছাড়াই আমি একটা মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছি। আমি সমাজের কোথাও মুখ দেখাতে পারছিনা। আমি আইনের সহযোগিতা চেয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।”