প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:০২ পিএম

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৪ জুন) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত স্বামীর নাম মনিরুজ্জামান (৫২) এবং স্ত্রীর নাম রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও পুত্রবধূ। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মনিরুজ্জামান ও রেহেনা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতের কোনো এক সময় স্বামী মনিরুজ্জামান তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। এরপর মরদেহ বাড়ির পাশে একটি মাঠে ফেলে রেখে তিনি নিজেই একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ‘শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম