প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ ইসরাইলি বিমান হামলায় দেশটির সামরিক প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার ১৩ জুন এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলি বাহিনীর হামলায় রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ এবং একাধিক পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা শহীদ হয়েছেন।”
তিনি আরও বলেন, “এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। যুদ্ধবাজ ইসরাইলের এমন আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি।”
পরওয়ার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাআলা তাঁদের শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। শোকাহত পরিবার ও ইরানি জাতিকে এই শোক সইবার শক্তি দিন।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ইরানি জনগণ এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং আগ্রাসনের যথোপযুক্ত জবাব দেবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ