ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।
ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গেছে ভারতীয় দমকলের অন্তত সাতটি ইউনিট। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এএনআই গুজরাট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন।