প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫৬ AM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছে।
বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় দেওয়ান বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের নাম হযরত আলী দেওয়ান (৬৫)। ঘটনার পর ঘাতক ছেলে মামুন (৩৫) পলাতক রয়েছে।
হযরত আলী দেওয়ানের বড় ছেলে এবং প্রতিবেশীরা জানায়, ছোট ছেলে মামুন (৩৫) পিতার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে বিরোধে জড়িত ছিলেন। বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হযরত আলী দেওয়ানের মৃত্যু হয়। বড় ছেলে বলেন, সে নেশা গ্রস্থ হয়ে আমার পিতাকে হত্যা করে, মামুনের ফাঁসি চাই আমরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল নিশ্চিত করেছি। আসামিকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর