প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫১ AM

ফাইল ছবি
বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও মাছ ধরার কাজে ফিরেছেন উপকূলীয় জেলার জেলেরা। বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাত থেকে জেলেরা মাছ আহরণ শুরু করেন। এর আগে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জেলার সমুদ্রগামী জেলের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এ দীর্ঘ বিরতিতে তাদের জন্য সরকার পক্ষ থেকে প্রতি জেলের জন্য ৭৮ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকালে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল দিয়েছে বলেও জানান তিনি।
নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় বুধবার সকাল থেকেই ভোলার জেলেপল্লিগুলোতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দেখা গেছে, জেলেরা নৌকা প্রস্তুত করছেন, জাল ও খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সমুদ্রের উদ্দেশে রওনা হচ্ছেন।
উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষার জন্য প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৬৫ দিন, যা এবার কমিয়ে ৫৮ দিনে আনা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর