প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:৪০ পিএম

মাদারীপুরের রাজৈর পৌরসভার স্বরমঙ্গল এলাকায় নিজ ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্বপ্না আক্তার নামের এক বিধবা নারী।
এ ঘটনায় বুধবার (১১ জুন) মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের শ্রীনদী বাজারে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের বাসিন্দা মৃত শক্কুর আলী ২০১০ সালে রাজৈর পৌরসভার মাস্টার কলোনি এলাকায় ৫ শতাংশ জমি কিনে সেখানে দুটি দোকানঘর নির্মাণ করেন। ওই জমি ঘিরে স্থানীয় বাসিন্দা মৃত ছোরমান আকনের ওয়ারিশ তাজু আকন (৩০), রাজু আকন (২৯) প্রমুখের সঙ্গে বিরোধ দেখা দেয়।
এ নিয়ে স্বপ্না আক্তার আদালতে মামলা দায়ের করেন। এরপর গত ৫ জুন সকালে তাজু ও তার সহযোগীরা স্বপ্নার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত স্বপ্নাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্বপ্না আক্তার বাদী হয়ে রাজৈর থানায় তাজু, রাজুসহ ১২ জনের নাম উল্লেখ এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। পরে মামলার ২ নম্বর আসামি রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে স্বপ্না আক্তার বলেন, “আমি একজন বিধবা, আমার দশ বছরের সন্তান রয়েছে। আমি অসহায়। আমার ক্রয়কৃত জমিতে ঘর তোলার সময় তাজু ও রাজু তাদের দলবল নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “তারা আমার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি—এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করা হোক এবং যেন আমি আমার জমিতে ঘর নির্মাণ করে শান্তিতে বসবাস করতে পারি, সে ব্যবস্থা নেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জজকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম, শিড়খাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খোকন হাওলাদার, স্থানীয় বাসিন্দা সেতারা বেগম, ওবাইদুল ফরাজী, বাবলু শেখ, রাজীব ফরাজী ও সিপন হাওলাদার প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেএইচ