
ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান- এই চার ধর্মের অনুসারীদের মিলেই বাংলাদেশ। সকল ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা।
সোমবার (৯ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৫ আগস্টের পরবর্তী অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এই অভ্যুত্থানের পরের অবস্থা নিয়ে। এ সময় আমরা প্রত্যেকে পার করেছি কঠিন পরিস্থিতি। আমাদের বসবাস করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে।
তিনি বলেন, আমি চোর, ডাকাত, দখলদার বা চাঁদাবাজ নই, খুনি কিংবা সন্ত্রাসও নই। আমাকে কেন কয়েকবার জেলে রাখা হলো? এটা শুধু আমার নই, এই ধরনের ঘটনা লাখো মানুষেরও রয়েছে।
শফিকুর রহমান বলেন, কিছুদিন আগে বরগুনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সম্মানহানি করা হয়েছে। মেয়েটির বাবা থানায় মামলা করলে পরে খুন হতে হয় দুষ্কৃতকারীদের হাতে।
ওই ভদ্র লোক মোরগ বিক্রির দোকানে চাকরি করতেন। তার তিন মেয়ে। আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের পাশে কে কে দাঁড়িয়েছেন। তারা বলেন, ডিসি সাহেব মানুষ পাঠিয়ে ১০ হাজার টাকা দিয়ে গিয়েছে। আর কিছু বলেছে কিনা প্রশ্নে তারা জানায়, মামলা চলবে, এ বিষয়ে দেখবেন তারা।
পরে তাদের পরিবার কিভাবে চলবে জিজ্ঞেস করলে তারা জানায়, পরিবারের একমাত্র অভিভাবক ছিলেন তিনি। এই পরিবারের এখন আর কোনো পুরুষ নেই। রয়েছেন কেবল তার স্ত্রী বিধবা আর তিনটি এতিম মেয়ে।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, এ পরিস্থিতে আমাদের সংগঠন আল্লাহর ওপর ভরসা করে প্রতি মাসে তাদের আর্থিক ভরণ-পোষণ দিয়ে যাচ্ছে।
বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম। এছাড়াও ছিলেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ প্রমুখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মুক্তাসান বিশ্বাস ও হ্যাডম্যান কেমেডি সুমের।
অনুষ্ঠান শেষে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান।
স্বদেশ প্রতিদিন/আইজেপি