প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:১৯ AM

গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করে আশদাদ বন্দরে নিয়ে যায়। জাহাজটিতে ছিল শিশু খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী, যা ফিলিস্তিনের ক্ষুধার্ত জনগণের জন্য পাঠানো হচ্ছিল।
ফ্লোটিলা কোয়ালিশনের অভিযোগ, ইসরায়েল বেআইনিভাবে জাহাজ দখল করে এবং এতে থাকা স্বেচ্ছাসেবকদের অপহরণ করে। তারা আরও জানায়, নিরস্ত্র বেসামরিকদের আটক করা হয়েছে এবং মানবিক সহায়তা সামগ্রী জব্দ করা হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল এবং কেউ হতাহত হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, যাত্রীদের নিরাপদে উপকূলে আনা হয়েছে। তাদের দাবি, এই অভিযান ছিল মূলত গণমাধ্যমে প্রচারণা চালানোর উদ্দেশ্যে সাজানো একটি নাটকীয় পদক্ষেপ। মন্ত্রণালয় জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ আখ্যা দিয়েছে।
‘ম্যাডলিন’ জাহাজে ১২ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক ব্যাপটিস্ট আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে অনাহারে ভুগে বহু শিশু মারা যায়। এই মানবিক সংকটের প্রতিবাদে ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’।
স্বদেশ প্রতিদিন/এনআর