প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৪:০৪ পিএম

প্রায় অনেক দিন ধরেই দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা জায়েদ খান। সচরাচর দেশের বাইরে ঈদ উদযাপন করা হয় না তার। তবে গেল ঈদুল ফিতর সেখানেই উদযাপন করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও একা একাই সেখানে ঈদ উদযাপন করেন এই অভিনেতা।
জায়েদ খান বলেন, দেশের বাইরে ঈদ উদযাপন করলেও মন দেশেই পড়ে রয়েছে। দেশ, দেশের মানুষ সবাইকে মিস করছি। ঈদের নামাজ শেষে দেশের পরিচিতজন এবং সহকর্মীদের অনেকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এতে কিছুক্ষণের জন্য হলেও মন ভালো হয়ে উঠেছে।
ঈদ কেমন কেটেছে প্রসঙ্গে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জায়েদ খান বলেন, এখানে তেমন ঈদ ফিল হয় না। আমি ঈদের আনন্দ বলতে বুঝি পিরোজপুর। আমার পিরোজপুরের ঈদ সবচেয়ে বেশি মজার।
তিনি আরো বললেন, বাবা-মায়ের কথা সবসময়ই মনে পড়ে। তবে বিশেষ দিনগুলোতে একটু বেশি মনে পড়ে, যেমন ঈদের সময়। ঈদের আগে, ঈদের দিন তাদের সাথে কাটানো নানা মুহূর্ত, নানা স্মৃতি তাড়া করে। দেশে থাকলে ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করতে যেতাম। এখন সেটাও মিস করছি। মিস করছি অনেক ভাই-বোনদেরও।
শৈশবের কিছু মুহূর্ত তুলে ধরে জায়েদ খান বলেন, ছোট থাকতে বাবা আমাকে লুকিয়ে অন্যদের চেয়ে বেশি সালামি দিতেন। একবার বাবা আমাকে জুতা কিনে দিয়েছিলেন। আমি সেটা বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছিলাম। এখনো মাঝেমধ্যেই সেসব দিনগুলোর কথা মনে পড়ে, বিশেষ করে ঈদে। এগুলো মনে হলেই কেমন যেন লাগে!
স্বদেশ প্রতিদিন/আইজেপি