প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৯:২৪ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৩:১২ PM

ভক্তদের দুঃসংবাদ দিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার ঈদুল আজহায়ও গান শোনাচ্ছেন না তিনি। গত রোজার ঈদের মতো এবারও থাকছেন সংগীতমঞ্চের বাইরে। বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেলটির জনসংযোগ বিভাগ।
২০১৬ সাল থেকে ঈদ এলেই তার একক সংগীতানুষ্ঠান প্রচার হয়ে আসছে এটিএন বাংলায়। এ ধারাবাহিকতা রক্ষা করেই তিনি শ্রোতা-দর্শকদের জন্য তৈরি করেছেন ‘আমার চোখের আলো’, ‘ওয়াদা করো’, ‘জড়িয়ে আছি তোমায়’সহ একাধিক আলোচিত অনুষ্ঠান।

বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই গান গেয়ে তিনি কখনো প্রশংসিত হয়েছেন, কখনো হয়েছেন ট্রলের শিকার। তবুও তার গান নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
তবে এবার ঈদে তার গান না শোনানোর পেছনে কোনো কারণ জানানো হয়নি এটিএন বাংলার পক্ষ থেকে। গত বছর কোরবানির ঈদে ড. মাহফুজুর রহমান গেয়েছিলেন বাংলা ও হিন্দি মিলিয়ে একাধিক গান, যা প্রচারিত হয়েছিল এটিএন বাংলা ও এটিএন নিউজে। এবার সেই ধারাবাহিকতা ভাঙায় তার অনুরাগীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এটিএন বাংলার ঈদ আয়োজনে এবার অন্য তারকাদের অংশগ্রহণে বিভিন্ন সংগীতানুষ্ঠান থাকলেও ড. মাহফুজুর রহমানের অনুপস্থিতি কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে তার নিয়মিত শ্রোতাদের মধ্যে।
স্বদেশ প্রতিদিন/এনআর