প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:১০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৭:৩১ PM

ঈদে সারাদিন কাজ শেষে দ্রুত রান্না করে খেতে চায় সবাই। কিন্তু স্বাভাবিক রান্নায় তা হয়ে উঠে না। তবে বিশেষ কিছু কৌশল জানা থাকলে সহজেই মাংস রান্না করা যেতে পারে। গরুর মাংস দ্রুত রান্নার সবচেয়ে বড় কৌশল হলো মাংস সেদ্ধ করা। আর এ কৌশল জানা থাকলে ঈদে মাংস রান্না করা যাবে নির্বিঘ্নে।
আমাদের আজকের এই আয়োজনে আমরা জেনে নিব কোন কোন উপায় মানলে খুব সহজে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংস।
১. একটি কাঁচা পেঁপে খোসাসহ টুকরা করে নিন। এরপর ব্লেন্ডারে পেঁপের টুকরা, আধা চা চামচ লবণ, সামান্য পানি ও ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিন। পেঁপেতে রয়েছে এমন এক ধরনের উপাদান যা মাংসের কোষ নরম করতে সাহায্য করে। চাইলে এই পেস্টটি সংরক্ষণও করতে পারেন। বরফ জমানোর ট্রেতে কিংবা মুখ বন্ধ বাটিতে করে পেস্টটি রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। বরফ জমানোর ট্রেতে সংরক্ষণ করতে চাইলে পাতলা পলিথিন দিয়ে ট্রে মুড়ে নেবেন ফ্রিজে রাখার আগে। কাঁচা পেঁপের এই পেস্টটি ভালো থাকবে ২ থেকে ৩ মাস পর্যন্ত। ১ কেজি মাংসে ৩ টেবিল চামচ কাঁচা পেঁপের পেস্ট মেখে ১ ঘণ্টা রেখে দিলেও দ্রুত সেদ্ধ হবে মাংস।
২. সঠিক উপাদান দিয়ে ম্যারিনেট করলে মাংস নরম হবে। যা রান্নার সময়কে আরো কমিয়ে দিতে সাহায্য করবে। এজন্য লেবু, ভিনেগার এবং দইয়ের অম্লতা প্রাকৃতিকভাবে মাংসকে কোমল করে। এছাড়াও স্বাদযুক্ত করতে সহায়তা করে এই মিশ্রিণ।
৩. ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই রান্নায় বসাবেন না। অন্তত আধঘণ্টা অপেক্ষার পর রান্না করুন।
৪. মাংস রান্না বসানোর আগে কিছুক্ষণ লবণ দিয়ে তা মেখে রাখুন।
৫. রান্নার আগের দিন মাংসের সাথে বেকিং সোডা মিশিয়ে ফ্রিজে রেখে দিন। সময় কম থাকলে ৩ থেকে ৫ ঘণ্টা তা রাখলেও হবে। ফ্রিজ থেকে মাংস বের করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর তা রান্না করুন। এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংস।
৬. ফলের পিউরির সাহায্যেও নরম করতে পারেন মাংস। এজন্য ব্যবহার করতে পারেন আনারস, পেঁপে কিংবা কিউয়ি ফলের পিউরি। তবে আনারস খুব বেশি সময় মেখে রাখলে মাংস অতিরিক্ত নরম হয়ে যেতে পারে কিংবা বদলে যেতে পারে মাংসের স্বাদ। ফলের পিউরি মেখে একটি পাতলা প্লাস্টিকের সাহায্যে একদিনের জন্য মুড়ে সেটি ফ্রিজে রেখে দিন।
৭. রান্নার সময় সামান্য চিনি মেশালেও দ্রুত সেদ্ধ হয়ে যায় মাংস।
স্বদেশ প্রতিদিন/আইজেপি