
হজে খুতবার বাংলা অনুবাদের দায়িত্বে চার বাংলাদেশি
প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত এই প্রকল্পে এবার টানা ষষ্ঠবারের মতো বাংলায় অনুবাদ করা হচ্ছে খুতবা।
এবার খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। গতকাল শুক্রবার অনুবাদকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আগামী ৫ জুন (৯ জিলহজ) পবিত্র আরাফার ময়দানে হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। খুতবাটি বিশ্বের ২০টিরও বেশি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ।
বাংলাভাষীদের জন্য এটি সরাসরি শোনা যাবে মানারাতুল হারামাইন ওয়েবসাইটে, অ্যাপ, ইউটিউব, ফেসবুক এবং টিভি চ্যানেলগুলোতে।
২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে খুতবা অনুবাদ প্রকল্প চালু হয়। প্রথমে পাঁচটি ভাষায় শুরু হলেও ২০২০ সালে যুক্ত হয় বাংলা।
এ বছর আরাফাতের খুতবা উপস্থাপন করবেন বাংলা অনুবাদক দলের সদস্য ড. মুহাম্মদ খলীলুর রহমান। তিনি বলেন, ‘হজের খুতবা অনুবাদ কার্যক্রম একটি সম্মানের কাজ। এর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া হয়। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা চারজন বাংলাদেশি দায়িত্বটি পালন করছি। একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি, হজের খুতবা নিজ ভাষায় শুনতে পাওয়া একটি গৌরব ও সম্মানের বিষয়। আশা করি, বাংলাভাষী মুসলিমরা হারামাইন থেকে সম্প্রচারিত খুতবা নিজ ভাষায় শুনবেন। সবার কাছে দোয়া প্রার্থনা করি, যেন আমরা সবাই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।’
যেসব ভাষায় সম্প্রচার হবে:বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ফারসি, স্প্যানিশ, সোয়াহিলি, মালয়, ফিলিপিনো, মালায়ালাম, বসনিয়ান, জার্মান, পর্তুগিজ, সুইডিশ, আমহারিক ও ইতালিয়ান।
যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করলে খুতবার অনুবাদ শোনা যাবে।
তা ছাড়া মানারাতুল হারামাইন মোবাইল অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/¦tubesermon), ফেসবুক ও টুইটারে তা শোনা যাবে। আর ওয়েবসাইটে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও পাওয়া যাবে।
স্বদেশ প্রতিদিন/এমএম