প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:২৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল। তাই দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নদী কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস