প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:২৭ AM আপডেট: ২৯.০৫.২০২৫ ৯:২৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। তিনি ছিলেন ট্রাম্প প্রশাসনের “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা ডিওজিই-এর প্রধান। মূলত ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে প্রকাশ্য অসন্তোষের পরই তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।
মাস্ক এক্সে লেখেন, ‘বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই এই সুযোগ দেওয়ার জন্য।’
তিনি আরও লেখেন, ‘ডিওজিই একটি কার্যকর মিশন ছিল এবং আমি বিশ্বাস করি এটি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে। সরকারে এটি একটি জীবনধারায় পরিণত হতে পারে।’
ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন মাস্ক। তিনি বলেন, ‘এই বিলটি ব্যয় কমানোর বদলে ঘাটতি আরও বাড়াবে, যা ডিওজিই-এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।’
বিলটির আওতায় কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানো ও বিভিন্ন কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। এতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণসহ বেশ কয়েকটি ট্রাম্প-সমর্থিত প্রকল্পে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডিওজিই-এর ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত তারা প্রায় ১৭৫ বিলিয়ন ডলার ব্যয় সাশ্রয় করতে পেরেছে, যা প্রতি মার্কিন নাগরিকের মাথাপিছু প্রায় ১০৮৮.৯৬ ডলার। অথচ মাস্কের লক্ষ্য ছিল অন্তত ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো।
ইলন মাস্ক চলতি বছরের জানুয়ারিতে ১৩০ দিনের জন্য ট্রাম্প প্রশাসনে যোগ দেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩০ মে। হোয়াইট হাউসের একজন অজ্ঞাতনামা কর্মকর্তা তার পদত্যাগের বিষয়টি বার্তাসংস্থা এপি-কে নিশ্চিত করেছেন।
মাস্ক বলেন, ‘একটা বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু দুইটা একসাথে হওয়া কঠিন। এটি আমার ব্যক্তিগত মতামত।’
তিনি মনে করেন, বাজেট ঘাটতি আরও বাড়িয়ে তোলা সরকারের কার্যকারিতা ও ব্যয় হ্রাসের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে।
সূত্র: রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম