প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:১১ পিএম

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে কোদাল ও কাচির আঘাতে দুইজন আহত ও দুইজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকালে মানসিক ভারসাম্যহীন সাইদুল ইসলামের (৪০) কোদাল ও কাচির আঘাতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) ও হাফেজা (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফ উদ্দিন নিজ বাড়ির উঠানে ধান মাপার কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে সাইদুল কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হামলাকারী সাইদুল একই গ্রামের শহীদের স্ত্রী হাফেজাকে বাড়িতে ঢুকে ধান কাটার কাচি দিয়ে গলায় আঘাত করলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আরো জানান, একই সময় তিনি আরও কয়েকজনকে আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা সোলায়মান সিকদার (৮১) ও লাইলী বেগম (৫২)। বর্তমানে তাঁরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সাইদুল কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস