প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:৫২ পিএম

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, সোয়াট, বিজিবি এবং আনসার সদস্যদের।
সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও আজ সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং প্রবেশ নিয়ন্ত্রণ করছেন।
এর আগে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সরকারি কর্মচারী অধ্যাদেশ নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সচিবালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর