প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ১:২৪ PM

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বাদী হিসেবে সাক্ষ্য দিতে সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বেলা ১১টার দিকে তিনি বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে উপস্থিত হন। আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন বলে জানা গেছে।
২০২১ সালের ১৪ জুন রাতে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন পরীমনি। মামলায় আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। এরপর ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে দ্বিধাবোধ করেন পরীমনি। তার আইনজীবী বিচারকাজ ‘ক্যামেরা ট্রায়াল’-এর আওতায় পরিচালনার আবেদন করেন, যা আদালত অনুমোদন করে।
পরবর্তীতে, গত ২২ সেপ্টেম্বর পরীমনির পূর্ণ জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়।
আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা পরীমনিকে জেরা করবেন। মামলার পরবর্তী কার্যক্রম এই শুনানির ভিত্তিতেই নির্ধারণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম