প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৩৪ পিএম

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, তরুণরাই পারে দুর্নীতিকে বিদায় জানাতে, তরুণেরাই পারে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে। আজ শনিবার পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনা এ আয়োজন করে। এর আগে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজ।
এসময় জাহাঙ্গীর আলম আরো বলেন, তরুণরাই দেশের প্রাণ শক্তি। তাদের সক্রিয় ভূমিকাই পারে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে।
দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার। বিতর্কে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দলের তাজমিরা সিরাজ সিথী সেরা বিতার্কিক নির্বাচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজীয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ