প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৩৬ AM

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশি হজযাত্রী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।
আজ বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে আরও উল্লেখ করা হয়, হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবের সরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থেকে সর্বমোট ২০ হাজার ৩৬৭ টি চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে।
এদিকে, হজপালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতদের মধ্যে ৪ জন মক্কা ও ৫ জন মদিনায় ইন্তেকাল করেন।
চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫২ হাজার ৬৯০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৮ হাজার ১০৭ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এ বছর হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মোট কোটা ৮৭ হাজার ১০০ জন- এর মধ্যে সরকারি কোটা ৫ হাজার ২০০ ও বেসরকারি কোটা ৮১ হাজার ৯০০। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।
হজযাত্রীদের সুস্থতা ও নিরাপদ হজ পালনের জন্য বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম