প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ১:৫৬ PM

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহায়তায় ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
এরআগে ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর ৮ নম্বরে সাত একর জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে। এই ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
২০১৫ সালের ১২ জানুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলাটির তদন্ত শেষে আজহারুল হককে বাদ দিয়ে, নতুনভাবে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২০ অক্টোবর, ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম এবং হিসাব সহকারী মতিয়ার রহমান।
স্বদেশ প্রতিদিন/আইএমএস