প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:১৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া নয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরের একটি ফসলি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার জীবন মহন্ত (২২), পিতা প্রদীপ মহন্ত এবং সিদ্ধান্ত রায় (২৪), পিতা নবদ্বীপ রায়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার মো. জহুরুল হক জানান, তিনি তার সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্তে দায়িত্ব পালনের সময় কয়া নয়াপাড়া গ্রামের কাছাকাছি ফসলি মাঠে দুইজন ব্যক্তিকে ভারত অভিমুখে সন্দেহজনকভাবে অগ্রসর হতে দেখেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসময় তাদের কাছে বৈধ পাসপোর্ট বা বিদেশগমন সংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
ঘটনার পর তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম