প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১০:৫০ AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বুধবার (১৪ মে) রাত ১১টার পর জেলার বিভিন্ন এলাকায় বজ্রঝড় শুরু হয়। এসময় রাত ১ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এর নিকটবর্তী এলাকায় রাতে নিয়মিত টহলে ছিলেন বিজিবি সদস্যরা। হঠাৎ বজ্রপাত শুরু হলে ওই দলটি ঝড়ের কবলে পড়ে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছয়জন সদস্য। পরে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও দুই বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালনের সময় তারা বজ্রপাতের শিকার হন। বিষয়টি খুবই দুঃখজনক। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম