প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬:১৮ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৬:২৯ PM

নিখোঁজের একদিন পরে রাজধানীর তেজকুনিপাড়া এলাকার ময়লার স্তূপ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় শিশুটির মৃতদেহ বস্তা বন্দি অবস্থায় ছিল।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বিজয় সরণি উড়াল সড়কের নিচে ময়লার স্তূপে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত ওই শিশু মালয়েশিয়াপ্রবাসী নূরে আলমের মেয়ে, নাম রোজা মনি (৫)।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, ‘শিশুটি পরিবারের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকতো। তার বাবা নূরে আলমি একজন মালয়েশিয়াপ্রবাসী। শিশুটির মা শিল্পী বেগম। গতকাল সোমবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিলো।’
তিনি আরও বলেন, ‘আজ সকাল ১০ টার দিকে ময়লার স্তূপে বেওয়ারিশ বস্তাটি দেখতে পায় লোকজন। তারা বস্তা খুলে রোজা মনির মরদেহ দেখতে পায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, কারা এতে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।’
স্বদেশ প্রতিদিন/এমএম