প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম

আসন্ন দুর্গাপূজায় বিক্রির সুবিধার্থে দোকানপাট ও বিপণিবিতান আরও বেশি সময় খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটি রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে দোকান মালিক সমিতি। সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, ঈদ ও দুর্গাপূজার সময়ে সাধারণত বিক্রি কিছুটা বাড়ে। এ সময়ে দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হবেন।
ব্যবসায়ী নেতারা জানান, এরই মধ্যে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ চান তারা।
এর আগে মধ্যপ্রাচ্যের সংকটের পর জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিল মাসে সরকার দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। সে সময় ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন। পরে সরকার দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করে। এরপর কোরবানির ঈদের আগে সময়সীমা আরও শিথিল করা হয়।
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। এখন সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।
স্বদেশ প্রতিদিন/এস পি