প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৫৭ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সঞ্জয় রায় (১৪) ও অনিক রায় (১৩) নামের দুইজন সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজার সংলগ্ন চার তলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলো- দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে সঞ্জয় চন্দ্র রায় এবং একই এলাকার অতুল বর্মণের ছেলে অনিক চন্দ্র রায়। সঞ্জয় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক লক্ষ্মীরহাটের একটি ওয়েলডিংয়ের দোকানের কর্মচারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সঞ্জয় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষ্মীরহাটে যায়। রাতে বাজার নিয়ে অনিকসহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষ্মীরহাট চার তলার মোড় এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয় এবং সাইকেল আরোহী দু'জনেই রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ঘাতক ট্রাকসহ তাদেরকে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের পুলিশি হেফাজতে নেয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন
স্বদেশ প্রতিদিন/এনআর