প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২:৩৬ পিএম

টানা তাপমাত্রা বাড়ার সাথে সাথে সারাদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
বেশকয়েক দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস ধারণা করছে যে, আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা আরো বাড়তে পারে।
সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রপাতসহ মাঝারি বা প্রবল বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং এর পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাছাড়া আগামী সপ্তাহের শেষের দিকেও বৃষ্টি অথবা বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টির প্রবণতা আরো প্রবল হতে পারে।
আবহাওয়া অফিস আরো বলছে যে, আজ মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমলেও দেশের অন্যান্য জায়গায় তা হালকা বা মাঝরি আকারে বাড়তে পারে। তবে রাতে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আশংকা তাদের। আগামীকাল বুধবার থেকে রোববার (১১ মে) সকাল পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে। বর্ধিত ৫ দিনের আবাহওয়ার অবস্থায় ধারণা করা হচ্ছে যে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও আশঙ্কা যে, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং পরের ৪৮ ঘণ্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস