প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:১৯ পিএম

আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। এবার রাতে ভোট হওয়ার কোনও সুুযোগ নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।
সিইসি আশ্বস্ত করে বলেন, ‘এবার কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যেকোনো সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্যের পরামর্শে নেওয়া হচ্ছে।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’
সভায় আরও অংশ নেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম