প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:৩১ AM

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের তীব্রতাও বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ফলে, দিনের তাপমাত্রাও রোববারের তুলনায় সামান্য বাড়তে পারে। আর এসময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। আর রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
স্বদেশ প্রতিদিন/কেএইচ