প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ২৩.০৪.২০২৫ ১০:১০ PM

বাংলা প্রবাদে রয়েছে, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’। সেই প্রবাদটিরই প্রতিফলন ঘটেছে দিনাজপুরের খানসামায়। নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক সাপুড়ের।
মঙ্গলবার (২২ মে) বিকালে মৃত্যু হয়েছে তার।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শাকিল মাহান (গুনিকের) বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন। গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে সে। গত মঙ্গলবার (২২ মে) দুপুরে তার পোষা সাপটি কামড় দেয় তাকে।
প্রথমে শাকিল বিষয়টি কাউকে না জানিয়ে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক সাপুড়ের কাছে নিয়ে যায়। সেই সাপুড়েও সাপের বিষ নামাতে না পারায় সে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ঘটতে চলেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর তার পরিবার আবারও রাতে তাকে গুনিক ও ওঝার কাছে নিয়ে গিয়ে ঝারফোক করায়। কারণ তার পরিবারের ধারণা বাড়ি নিয়ে আসলে তার জীবন ফিরে আসবে। এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।
অবশেষে বুধবার (২৩ মে) সকাল ১০টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও জানা যায়, এর আগেও তাকে ঐ সাপটি কামড় দিয়েছিলো, তবে কিছু হয়নি। কিন্তু এদিন সেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। শাকিলকে কামড় দেওয়া সাপটিকে মেরে ফেলেছে উৎসুক জনতা।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, শাকিল দীর্ঘদিন থেকে মাহানগিরি (গুনিকের) করে সে হিসেবে জানতাম। বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো। মঙ্গলবার (২২ মে) রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি