প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ৮:১৬ PM

চট্টগ্রামের আসকার দীঘির পাড় এলাকায় নকশা বহির্ভূত ও শর্ত না মেনে নির্মিত বহুতল ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে এসএস রোডে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান ওই এলাকায় পরপর তিনটি বহুতল ভবনের নির্মাণকাজ চালাচ্ছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএ’র ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে এসব ভবনের অনুমোদন নেওয়া হলেও, ৮৭ টি শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্তগুলো উপেক্ষা করে তারা নির্মাণকাজ শুরু করে।
বিশেষ করে, ভবন নির্মাণে পাহাড় না কাটার নির্দেশনা ছিল স্পষ্ট। কিন্তু ডেভেলপার প্রতিষ্ঠানটি সেই শর্ত ভেঙে পাহাড় কেটে ভবন নির্মাণ শুরু করে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, ‘পাহাড় না কাটার শর্তসহ মোট ৮৭টি শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটিকে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়। কিন্তু তারা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে কাজ করায় কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা এ নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিতাদেশ নিয়ে আসে। গতকাল আদালত আবেদন খারিজ করে দেয়। তাই আজ পরিচালনা করে ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’
সিডিএ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নিয়ম না মানা ভবনের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম