
কারিগরি শিক্ষা খাতে দীর্ঘদিনের বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে এবং ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ‘কাফনের কাপড়’ পরে রাজধানীতে নজিরবিহীন গণমিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে ও গায়ে কাফনের কাপড় জড়িয়ে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টায় ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে কর্মসূচিটি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যায় ঢাকাসহ সারাদেশে মশাল মিছিল করে উত্তপ্ত করে তোলে আন্দোলনকারীরা।
তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠকের নামে প্রতারণা করেছে এবং আলোচনার মাধ্যমে কোনো ফলপ্রসূ সমাধান না দিয়েই সময়ক্ষেপণ করছে। এ ছাড়াও কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
শিক্ষার্থীদের ৬ দফা মূল দাবি:
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
২. ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে-কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৪. উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ। এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৬. কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
এ ছাড়াও শিক্ষার্থীরা নড়াইল, নাটোর, ঠাকুরগাঁও ও খাগড়াছড়িতে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস স্থাপন এবং DUET-এর আওতায় শতভাগ ভর্তি নিশ্চিতের দাবিও জানান।
এই আন্দোলন দেশের কারিগরি শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে একটি জোরালো বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম