প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৪২ পিএম আপডেট: ১৬.০৪.২০২৫ ৫:৪৯ PM

ছয় দফা দাবিতে আজও রাজশাহীতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১১ টা থেকে নগরীর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন স্লোগানে স্লোগানে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের একাংশ সড়ক অবরোধ করে বসে পড়লে এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় বাতিল করা; ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদবি পরিবর্তন করে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা ও উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাসকৃত শিক্ষার্থীদেরই নিয়োগ দেওয়া।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার হিমেল জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রাজশাহী ঢোকার কথা ছিল। রেলপথ অবরোধ থাকায় ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। আগের কয়েকটি স্টেশনে ট্রেন তিনটি থেমে আছে বলেও জানান স্টেশনের এই কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/এনআর