প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ পিএম

সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে তিন ট্রলার লুটের ঘটনা ঘটে। লুট করে নিয়ে যাওয়ার সময় ট্রলারে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এক লুটেরার ছবি ফেসবুকে ভাইরাল হয়।
সেই অস্ত্রধারী হলেন- মানিকগঞ্জের সিঙ্গাইরের ফুডনগর এলাকার অন্তর খান (২৬)। এ ঘটনায় করা মামলায় আসামি অন্তর খানকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও লুট হওয়া তিন ট্রলার উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় বংশী নদীর মিলন ঘাটে ওই ৩ ট্রলার লুটের ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই ফুডনগর থেকে লুট হওয়া তিনটি ট্রলারের মধ্যে একটি উদ্ধার করা হয়। পরদিন বিকেলে অর্থাৎ বৃহস্পতিবার (১০ এপ্রিল) মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে বাকি দুটি ট্রলারও উদ্ধার করা হয়।
এ ঘটনায় অন্তর খান ছাড়াও বাকি আসামিরা হলেন - মোর্শেদ খান (২৫), মোশারফ খান (২৮), হৃদয় (২৫), রনি খান (৪২) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
মিলন ঘাটের ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ এক সংবাদমাধ্যমকে জানায়, মিলন ঘাট এলাকার নদী পারাপারে ব্যবহৃত তিনটি ট্রলার নিয়ে ব্যবসা পরিচালনা করতেন তার বাবা। ঈদ উপলক্ষে অন্তর ও তার বাহিনী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা (৯ এপ্রিল) অস্ত্রের মুখে মাঝিকে জিম্মি করে তিনটি ট্রলার লুট করে এবং আতঙ্ক ছড়াতে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই একটি ও পরদিন (১০ এপ্রিল) বিকেলে বাকি দুটি ট্রলার উদ্ধার করে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার পর আসামিরা গা-ঢাকা দেওয়ায় অভিযোগের বিষয়ে তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা সংবাদমাধ্যমে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই লুট হওয়া একটি ট্রলার উদ্ধার করা হয়। পরে আজ (১০ এপ্রিল) বিকালে অভিযান পরিচালনা করে আরও দুটি নৌকা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এছাড়াও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজে নেমেছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি