প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৫:০৫ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ও ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ-আরসা) প্রধান আতাউল্লা আবু আম্বার ওরফে জুনুনী'কে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকালে প্রথমে গ্রেফতারকৃত প্রধান আসামী আরসা প্রধান আতাউল্লা'কে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুন পাল আদালতে চলমান মামলায় হাজির করে পুলিশ। পরে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমলী আদালতের বিচারক নাজমুল হোসেন আদালতে তদন্তাধীন মামলায় হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামীকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী, বান্দরবান পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আলমগীর চৌধুরী জানান, ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলা'সহ দুটি মামলায় প্রধান আসামী আরসা প্রধান আতাউল্লা'কে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালতের তথ্যমতে, গত ২০২২ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয় শিবিরের কাছে মাদকবিরোধী অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিজিএফআইয়ের বিশেষ একটি দল। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রশদী। এছাড়া গুলিবিদ্ধ হন র্যাব-১৫ কক্সবাজারের সদস্য সোহেল বড়ুয়া এবং শূন্যরেখার আশ্রয় শিবিরের রোহিঙ্গা তরুণী সাজেদা বেগম (২০) নিহত হন। এ ঘটনায় ২০২৩ সালের ২৩ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় ডিজিএফআই কক্সবাজার কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মামলা করেন।
এ বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম