প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:৩৮ পিএম

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।
সনদ বড়ুয়া জানান, বুধবার (২এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ বিষয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় উল্লিখিত এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা সূত্র হতে পাওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে (২৫) গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম (২১) ও কাউসার হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (২ এপ্রিল) রাত ৮টায় এই অপ্রীতিকর, হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নারী বিষয়টি জানান। পরে রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর