প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১০:০৩ AM

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩ টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এছাড়া আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন এই দুই নেতা। ব্যাংকক সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
এছাড়াও তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। অন্যদিকে, আজ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম