প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৬:৫৭ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ওএমএস এর চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই ইউনিয়নের রাজাপুকুর বাজারে ট্রাকসহ আমিনুলকে আটক করে স্থানীয়রা। তিনি পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারু ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে সরিয়ে নিচ্ছিলে ওই স্বেচ্ছাসেবকদল নেতাসহ বেশ কয়েকজন। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ডসহ কয়েকজন স্থানীয় এগিয়ে যায়। এসময় তাদের দেখে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ধরা পড়েন আমিনুল ইসলাম। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় পলাতক রয়েছে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা কামাল ও সুলতান। পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টরসহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার আমিনুল ইসলাম ও ওয়াদুদকে সেচ্ছাসেবক দল এবং সুলতানকে ইউনিয়ন বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম বলেন, ‘সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এনআর