প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:২৩ AM

নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
তবে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করলে আসামি এসএম ফজলুল হক উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করেন। এসময় গণমাধ্যমকর্মীরা আসামির ছবি নেওয়ার সময় আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাম্যান হাতে চোট পান।
উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। এরপর নাটোরে কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। সাংবাদিকরা দাবি করেন- অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। এরপর বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর