প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:০৫ AM

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালক টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। রাতে পিকআপের চালক টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে দুর্ঘটনায় সম্পৃক্ত ওই গাড়ির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সানাউল হক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। পত্রে ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের মালিককে মোটরযানটির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায় মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে সোমবার সকালে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় বনানী এলাকার চেয়ারম্যানবাড়ী ইউটার্নে এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। তারা দু’জন স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা বনানী চেয়ারম্যানবাড়ী সড়কের উভয় পাশ অবরোধ করে রাখেন পোশাক কারখানার শ্রমিকরা। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।
স্বদেশ প্রতিদিন/এনআর