প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৫:২৪ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ৫:২৬ PM

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন - পটুয়াখালীর বাউফলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা আমিনুল ইসলাম (৩৫) ও শ্রমিক দল নেতা সুমন মোল্লা (৩০)।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সদস্য। আর সুমন মোল্লা একই ইউনিয়নের পাশের গ্রাম আয়নাবাজ কালাইয়ার বাসিন্দা। তিনি কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহদপ্তর সম্পাদক।
স্থানীয়রা জানান, আমিনুল ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, ‘আমিনুল ইসলাম একজন পেশাদার ডাকাত। রাজনৈতিক পরিচয় তার অপরাধ আড়াল করতে পারেনি। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। ’
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ও সুমন ছাড়া বাকি ৪ জন হলেন হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০) ও দুলাল চৌধুরী (৪৩)।
স্বদেশ প্রতিদিন/এনআর