প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:০৯ পিএম

জ্বালানি তেলের দাম মার্চ মাসে অপরিবর্তিত রাখার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্চ মাসের জন্য সরকার তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী, ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়া, জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। ৩১ জানুয়ারি পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়েছিল, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
বর্তমানে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এদিকে, বিপিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৭৪ লাখ টন, যার মধ্যে ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার করা হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।
প্রতিবেশী দেশ ভারত এবং উন্নত বিশ্বের মতো, বাংলাদেশেও প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর