প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:০৬ AM

আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের দাতা সদস্য নজিবুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম, সদস্য জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার কন্যা সাহানা বেগম, গুলশান আনাম, প্রতিষ্ঠাতা দাতা সদস্য রোকসানা বেগম, শিক্ষানুরাগী রিজভী রহমান, রেজাউল করিম বাদল, এবং বড়তাকিয়া নিউজের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান (স্বপন), সহকারী শিক্ষিকা বিন্দা রানী বণিক, কবিতা চক্রবর্তী। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বপন চক্রবর্তী, ফারুক হোসেন, সাইফুর ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে।"
ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল মারবেল দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলা, নাচ, অভিনয়, গান, কবিতা। প্রতিযোগিতা শেষে মোট ১৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমআর