প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৭ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়ায় অবৈধভাবে পরিচালিত এম এস ডি ব্রিকস নামক একটি ইটভাটা পরচালনার দায়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী'র নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটভাটার চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।
এসময় ইটভাটার মালিক মো. আইনাল হক দেওয়ানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিদর্শক ইমরান হোসেন জানান, ২০১৯ সালের ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন লঙ্ঘনের দায়ে এই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়।
এছাড়া রাজবাড়ী জেলার অন্যান্য জায়গায়ও দুই দিনের মধ্যে মোট ৭টি অবৈধ ইটভাটা ভেঙে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসারের একটি টিম সহযোগিতা করেছে। পরিদর্শক আরও জানান, ভবিষ্যতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর